গাজীপুরে ৩ মাদক কারবারি আটক

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

আটকরা হলেন : ট্রাক চালক, রাজশাহীর মোহনপুর থানার সাকোয়া গ্রামের মো: জোবায়ের হোসেন (২৪), হেলপার, একই জেলার দেউপুর গ্রামের মো: তারেক মনোয়ার (১৯) এবং সাকোয়া গ্রামের জাহাঙ্গীর আলম (১৯)। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো: মাহফুজুর রহমান।

র‌্যাবের সহকারী পরিচালক মো: মাহফুজুর রহমান বলেন, শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-১ এর একটি দল গোপনসূত্রে জানতে পারে ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রাকে গাঁজার একটি বড় চালান কাপাসিয়া হয়ে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকার দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ভোগড়া বাইপাসগামী মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করে। সেখান থেকে জোবায়ের হোসেন, তারেক মনোয়ার ও জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৬৯ কেজি ৮০০ গ্রাম গাঁজা, একটি ট্রাক, মোবাইল ফোন, নগদ টাকা, দুইটি শ্যালো মেশিন এবং সিরামিক ইন্ডাস্ট্রিস লিমিটেডের চালান মোতাবেক ১৯৬টি টয়লেট সিরামিক উদ্ধার ও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, দেশের বিভিন্ন জেলা থেকে চোরাই পথে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা ও গাজীপুরসহ আশে-পাশের বিভিন্ন জেলায় পাইকারি দামে কেনা বেচা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights