গাজীপুর সাফারি পার্কে ঠাঁই হল বিপন্ন ১১ মুখপোড়া হনুমান

অনলাইন ডেস্ক
গাজীপুর সাফারি পার্কে ঠাঁই হল প্রকৃতিতে মহাবিপন্নের তালিকায় থাকা বিরল প্রজাতির ১১টি মুখপোড়া হনুমানের।

পাচারকারীদের কাছ থেকে উদ্ধার এসব হনুমান শুক্রবার সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

পার্কের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পার্কের হাসপাতালের পেছনে হনুমানগুলোকে বিশেষ স্থানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর মধ্যে পাঁচটি বাচ্চা। সব হনুমানই সুস্থ আছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ-ঢাকা বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, রাজধানীর স্বামীবাগ এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার এসব হনুমান উদ্ধার করা হয়। একটি সাদা প্রাইভেটকারে এগুলো পাচার করা হচ্ছিল। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনীক সাহার ভ্রাম্যমাণ আদালত তিন পাচারকারীকে তিন মাস কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। শুক্রবার হনুমানগুলোকে সাফারি পার্কে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights