গাড়ির ধাক্কায় মারা গেল মেছো বাঘ
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে গাড়ির ধাক্কায় একটি মেছো বাঘ মারা গেছে। সোমবার রাতে জৈন্তাপুর উপজেলার বাঘের সড়ক ও সিলেট গ্যাসফিল্ডের ১০ নম্বর কূপের মধ্যবর্তী স্থানে সিলেট-তামাবিল মহাসড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে সড়কের পাশে গুরুতর আহতাবস্থায় মেছো বাঘটিকে দেখতে পান স্থানীয়রা। কিন্তু ভয়ে কেউ কাছে যাননি। পরে খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মেছোবাঘটিকে মৃত অবস্থায় পান।
জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় মেছোবাঘটি আহত হয়। পুলিশ গিয়ে উদ্ধারের আগেই বাঘটি মারা যায়। পরে থানায় সাধারণ ডায়েরি করে মৃত বাঘটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
