গাড়ি পার্কিং নিয়ে বাকবিতণ্ডা, প্রকাশ্যে যুবকের গুলিবর্ষণের অভিযোগ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে হাইওয়ে থানার সামনে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলিবর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে ওই যুবক ও তার সঙ্গে থাকা এক তরুণী গাড়ি চালিয়ে গোপালগঞ্জের দিকে চলে যান।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে মেরুন রঙের একটি প্রাইভেটকারের চালকের আসনে এক যুবককে উত্তেজিত অবস্থায় দেখা যায়। এসময় তার সঙ্গে থাকা এক তরুণী তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে ওই যুবক অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে গাড়ির জানালা দিয়ে মাথা ও হাত বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন বলে ভিডিওতে দেখা যায়। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তিকেও দৌড়ে সরে যেতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী হাসান আমিন জানান, একটি প্রাইভেটকারে ওই যুবক এক তরুণীকে নিয়ে ঢাকার দিক থেকে এসে হাইওয়ে থানার সামনে সড়কের ওপর গাড়িটি রাখেন। স্থানীয় এক যুবক তাকে গাড়িটি সড়কের পাশে রাখার অনুরোধ করলে এ নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে গাড়িতে থাকা তরুণী নেমে স্থানীয় ওই ব্যক্তিকে থাপ্পড় দেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তখন ওই যুবক নিজেকে ‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে গাড়ির ভেতর থেকে একটি ব্যাগ বের করে পিস্তল বের করেন এবং গালিগালাজ করতে করতে এলোপাতাড়ি গুলি ছোড়েন বলে প্রত্যক্ষদর্শী দাবি করেন।
হাসান আমিন আরও বলেন, গুলির শব্দে পথচারী ও আশপাশের দোকানে থাকা লোকজন আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। পরে ওই যুবক ও তরুণী গাড়ি নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে গোপালগঞ্জের দিকে চলে যান। তাঁদের দুজনকেই মদ্যপ অবস্থায় মনে হয়েছে বলে দাবি করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু বলেন, ভিডিওটি পুলিশের হাতে এসেছে। ভিডিওটি ভাঙ্গা এলাকার কি না, তা আগে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ঘটনাটি ভাঙ্গায় হয়ে থাকলে দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, এ ধরনের একটি ঘটনার কথা তিনি শুনেছেন। ওই সময় থানার আশপাশে কোনো টহল দল ছিল না। পরে ঘটনাস্থল পরিদর্শন করেও কোনো আলামত পাওয়া যায়নি বা সংগ্রহ করা সম্ভব হয়নি।
