গাবতলীতে ফ্রিজিং গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে কোল্ড স্টোরেজ কর্মী নিহত
ঢামেক প্রতিনিধি
মিরপুর গাবতলী দীপনগর মাছের আড়তের পাশে একটি মাছবাহী ফ্রিজিং গাড়ি মেরামতের সময়ে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশে দাঁড়িয়ে থাকা ইমরান (২৫) নামে এক যুবক মারা গেছেন। তিনি ছিলেন কোল্ড স্টোরেজের কর্মী।
শনিবার (৮ আগস্ট) রাতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।
ঘটনার পরপর গুরুতর আহত ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত ১০টা ৩৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি দারুস সালাম থানাকে অবগত করা হয়েছে।
নিহত ইমরান নড়াইলের লোহাগড়া উপজেলার সারোয়ার মোল্লার ছেলে।
ইমরানকে হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারী মো. সবুজ বলেন, দীপনগর এলাকায় কোল্ড স্টোরেজের সামনে মাছ বহনকারী একটি ফ্রিজিং গাড়ি মেরামত করা হচ্ছিল। হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, গাড়িটির সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে সেখানে আশপাশে থাকা বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আমরা গুরুতর আহত ইমরানকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
