গাভাস্কার-ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে গিল

স্পোর্টস ডেস্ক
দ্য ওভালে আজ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের শেষ ও পঞ্চম টেস্ট। ভারতের তরুণ অধিনায়ক শুবমান গিলের সামনে রয়েছে এক ঐতিহাসিক সুযোগ। মাত্র কয়েক রান দূরে দাঁড়িয়ে তিনি একসঙ্গে ভাঙতে পারেন কিংবদন্তি সুনীল গাভাস্কার ও স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের রেকর্ড।

২৫ বছর বয়সী গিল এখন পর্যন্ত সিরিজের আট ইনিংসে করেছেন ৭২২ রান, গড় ৯০.২৫।

এই টেস্টে ১১ রান করলেই অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের ভারতীয় হিসেবে গাভাস্কারকে (৭৩২ রান, ১৯৭৮-৭৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ) ছাড়িয়ে যাবেন গিল। আর আরেকটি রেকর্ড ভাঙতে দরকার ৫৩ রান এক দ্বিপাক্ষিক সিরিজে ভারতীয় ব্যাটার হিসেবে সর্বোচ্চ রান (৭৭৪, গাভাস্কার, ১৯৭১ বনাম ওয়েস্ট ইন্ডিজ) স্পর্শ করবেন তিনি।

তবে সবচেয়ে বড় রেকর্ডটি গিলের সামনে ব্র্যাডম্যানের। কিংবদন্তি অস্ট্রেলিয়ান অধিনায়ক ১৯৩৬-৩৭ অ্যাশেজ সিরিজে করেছিলেন ৮১০ রান। সিরিজে ৮৯ রান করলেই এই ৮৯ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভেঙে এক সিরিজে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক হবেন গিল।

আর যদি শতক পান, তবে গিল হবেন ইতিহাসের প্রথম অধিনায়ক, যিনি এক দ্বিপাক্ষিক সিরিজে পাঁচটি শতক পূর্ণ করলেন। বর্তমানে তিনি চারটি শতক নিয়ে গাভাস্কার ও ব্র্যাডম্যানের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন।

তবে ব্যক্তিগত অর্জনের পাশাপাশি ভারতের সামনে রয়েছে আরেকটি বড় সুযোগ। দ্য ওভালের এই ম্যাচ জিততে পারলে ২০০৭ সালের পর প্রথমবার ইংল্যান্ডের মাটিতে সিরিজ ড্র করতে পারবে দলটি। বর্তমানে সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights