গুজব প্রতিরোধে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির বিশেষ সেল
অনলাইন ডেস্ক
ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রতিরোধে জাতীয় নির্বাচন পর্যন্ত বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)।
মঙ্গলবার (১১ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশেষ সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করবে। পাশাপাশি বিভিন্ন তথ্য যাচাই-বাছাই ও সত্যতা নিশ্চিতকরণের কাজও করবে। এ লক্ষ্যে এনসিএসএ প্রধান উপদেষ্টা প্রেস উইং, প্রেস ইনফরমেশন বিভাগ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
এনসিএসএ সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা কনটেন্ট শেয়ার করার আগে অবশ্যই তার উৎস যাচাই করতে হবে। সন্দেহজনক, উসকানিমূলক বা দেশবিরোধী কনটেন্ট দেখলে তাৎক্ষণিকভাবে এনসিএসএকে অবহিত করারও অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সাইবার স্পেসকে নিরাপদ রাখা সবার দায়িত্ব। দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে ভুল বা ভুয়া তথ্য, ফটো কার্ড বা ভিডিও প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে অনুরোধ করেছে এনসিএসএ।
সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের দ্রুত সহায়তার জন্য এনসিএসএ ২৪ ঘণ্টা হেল্পলাইন সেবা চালু রেখেছে। নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য চারটি পৃথক ই-মেইল ঠিকানাও দেওয়া হয়েছে—
১. report_betting@ncsa.gov.bd
– অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগের জন্য
২. report_misinfo@ncsa.gov.bd
– ভুয়া তথ্য, গুজব বা বিভ্রান্তিকর কনটেন্ট সংক্রান্ত অভিযোগের জন্য
৩. report_harassment@ncsa.gov.bd
– ফেইক প্রোফাইল, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগের জন্য
৪. report_cii@ncsa.gov.bd
– গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো (CII) প্রতিষ্ঠানে সাইবার হামলা সংক্রান্ত অভিযোগের জন্য
দেশের ডিজিটাল পরিসরকে নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহারে জনগণের সহযোগিতা কামনা করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি।
