গৃহকর্মীকে মারধরের অভিযোগ
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে এক নারী গৃহকর্মীর কাজ ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাজেদা (৩০) লাকসাম থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযুক্তরা হলেন- উপজেলার খুন্তা মিয়া বাড়ির মায়া বেগম ( ৪০), হৃদয় (২২) ও আবদুল মান্নান (৫৫)।
অভিযোগে জানা যায়, মাজেদা প্রায় সাত বছর ধরে অভিযুক্তদের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। পারিশ্রমিকসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জেরে কয়েক মাস আগে তিনি ওই কাজ ছেড়ে দেন। এরপর থেকে অভিযুক্তরা তাকে পুনরায় তাদের বাড়িতে কাজ করার জন্য চাপ দিয়ে আসছিলেন। মাজেদা আরও উল্লেখ করেন, গত ৭ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা তার বাড়িতে এসে পুনরায় কাজ করার জন্য চাপ দেন। তিনি এতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে তার বসতঘর ও রান্নাঘর ভাঙচুর শুরু করে। এসময় বাধা দিলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এছাড়া তার পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি এবং গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। অসময় মাজেদার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা সুযোগ পেলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল মান্নান বলেন, অভিযোগটি সঠিক নয়। এ বিষয়ে আমি কিছু জানি না। অভিযোগ থানায় হয়েছে, এটি আমি থানায় বুঝব।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজ্বী কামরুন্নাহার লাইলী বলেন, অভিযোগটি যাচাই করে দেখা হচ্ছে। তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
