গোপন পরিকল্পনা ফাঁস: ইরানে অভ্যুত্থান ঘটাতে ব্যর্থ মোসাদ, খেপেছেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক
ইরানে অভ্যন্তরীণ বিদ্রোহ সৃষ্টি করে সরকার পরিবর্তনের যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বর্তমান ও সাবেক মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ইরানে হামলার আগে গণআন্দোলন উসকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, মোসাদপ্রধান ডেভিড বার্নিয়া একটি পরিকল্পনা উপস্থাপন করেন, যেখানে ইরানের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করার পর বিরোধী গোষ্ঠীগুলোকে সক্রিয় করে গণবিক্ষোভ সৃষ্টি করার কথা ছিল। তবে সেই পরিকল্পনা বাস্তবে কার্যকর হয়নি।

বর্তমানে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে ইরানের সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তাদের মতে, বিক্ষোভের পরিবেশ এখনো তৈরি হয়নি এবং অতীতের দমনপীড়নের অভিজ্ঞতা মানুষকে রাস্তায় নামতে নিরুৎসাহিত করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভক্তি থাকলেও তা বড় কোনো রাজনৈতিক পরিবর্তনে রূপ নেওয়ার সম্ভাবনা কম। কুর্দি মিলিশিয়াদের মাধ্যমে চাপ তৈরির চেষ্টাও কার্যকর হয়নি।

নেতানিয়াহু এক নিরাপত্তা বৈঠকে পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন এবং যুদ্ধের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ জানান।

বিশ্লেষকদের মতে, কেবল সামরিক হামলা দিয়ে ইরানের রাজনৈতিক কাঠামো পরিবর্তন করা কঠিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যেও এ বিষয়ে কৌশলগত পার্থক্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সূত্রঃ নিউইয়র্ক টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights