গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৭
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ১৭ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খলিশাখালী গ্রামে মওলা ও গোরা গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদেরকে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। পরে একজনকে ঢাকায় এবং চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গোরা গ্রুপের প্রধানের সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, নানা কারণে মওলা গ্রুপের সাথে তাদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে ছোটদের সাথে কথাকাটির এক পর্যায়ে মওলা গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা করে।পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।এতে তাদের গ্রুপের ১৩ জন আহত হয়েছে।
অন্যদিকে, মওলা গ্রুপের ৪জন আহত হয়েছে বলে জানাগেছে। তবে ওই গ্রুপের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ মোঃ মাহফুজুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, এখনো কোন পক্ষ অভিযোগ নিয়ে থানায় আসেনি।অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
