গোপালগঞ্জে দল ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাঙলেন আওয়ামী লীগ সভাপতি

গোপালগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভেঙে ফেললেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু সাইদ শিকদার।
তিনি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ভাগ্নে। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আবু সাইদ শিকদার। আওয়ামী লীগ আমলে কোটি কোটি টাকার লাভবান এই ইউপি চেয়ারম্যান ভোল পাল্টে ফেলানোতে উপজেলাব্যাপী সমালোচনার ঝড় বইছে।
রবিবার (২৭ এপ্রিল) সকালে পিঞ্জরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে আবু সাইদ শিকদারের বাড়ির সামনে পুকুর পাড়ে নির্মিত নৌকা ভাস্কর্যটি নিজেই ভেঙে ফেলেন। নৌকা ভাস্কর্যটি ভাঙার সময় চেয়ারম্যান আবু সাইদ শিকদার সেখানে উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু সাইদ শিকদার তার বাড়ির সামনের পুকুর পাড়ে কয়েক বছর আগে একটি দৃষ্টিনন্দন নৌকা ভাস্কর্য নির্মাণ করেন। রবিবার সকালে আবু সাইদ শিকদার লোকজন দিয়ে এই ভাস্কর্যটি ভেঙে ফেলেন।
পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন, আবু সাইদ শিকদার দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আবু সাইদ শিকদারের মামা প্রয়াত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর প্রভাব খাটিয়ে পিঞ্জুরী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়েছিলেন। চেয়ারম্যান হওয়ার পর তিনি ব্যাপক দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আওয়ামী লীগের এই দুর্দিনে এসে আবু সাইদ শিকদারের এমন কর্মকাণ্ডে আমরা হতবাক হয়েছি। আমরা এই নৌকা ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এ ব্যাপারে আবু সাইদ শিকদার পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, যার দল করি, সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে। আদর্শ্যচ্যুত হয়েছে তাই পালিয়েছে। ওই দল আর আমি করবো না। সে আসলেও আওয়ামী লীগ আর করবো না। তাই নৌকা ভাস্কর্য ভেঙে ফেলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights