গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে, জনভোগান্তি চরমে

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ১০ চাকার ট্রাকটি উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে দীর্ঘ চেষ্টার পর ট্রাকটি উদ্ধার করা হয়।

তবে ব্রিজের মেরামতের কাজ শেষ হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। শহরের প্রধান এই সড়কটি সম্পূর্ণ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারী সাধারণ মানুষ, যার ফলে স্থানীয়দের মাঝে ক্ষোভ বাড়ছে।

মেরামতকারী শ্রমিকরা জানান, আজকের (মঙ্গলবার) মধ্যে তারা হয়ত ভাঙা ব্রিজটি খুলে ফেলতে পারবেন। এরপর আগামীকাল থেকে আগে এখান থেকে সরিয়ে নেওয়া বেইলি ব্রিজটি পুনঃস্থাপন করা হবে। তবে যেটি মেরামত করে বসানো হবে তার ওপর দিয়ে বেশি লোডের গাড়ি চললে আবারও একইভাবে ভেঙে পড়ার শঙ্কা থাকবে।

গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ব্রিজ ভেঙে যাওয়ায় জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ব্রিজটি মেরামতের কাজ দ্রুততার সঙ্গে চলছে। আশাকরি, জনগণের এই ভোগান্তি খুব তাড়াতাড়ি অবসান হবে।

উল্লেখ্য, গত রবিবার (১৪ জুন) সকালে বালুভর্তি একটি ১০ চাকার ট্রাক শহরের দিক থেকে ঘোনাপাড়ার দিকে যাওয়ার সময় ব্রিজটি ভেঙে খালের মধ্যে পড়ে যায়। সেই সঙ্গে একটি অটোরিকশা ও বাইসাইকেলও খালের মধ্যে পড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights