গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইখলাস খাঁ (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ইখলাস খাঁকে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে তিনি মারা যান।

নিহত ইখলাস খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার মমরেজ খাঁর ছেলে।

আহতরা হলেন- কাশিয়ানী উপজেলার যদুপুর গ্রামের আমজাদ কাজীর ছেলে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজী (১৮) এবং একই গ্রামের নসু কাজীর ছেলে আরোহী ইসানুর কাজী (১৬)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ইখলাস খাঁ গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে গুরুতর আহত আব্দুল্লাহ কাজী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইসানুর কাজী গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights