গোবিন্দগঞ্জে ১১ হাজার ৭৪০ জন কৃষক পেলেন কৃষি প্রণোদনা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ১১ হাজার ৭৪০ জন কৃষক পেলেন রবি মৌসুমের কৃষি প্রণোদনা। প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ কক্ষে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার জাহানসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার ১৭টি ইউনিয়ন ও গোবিন্দগঞ্জ পৌরসভার ১১ হাজার ৭৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম, সূর্যমুখী ও সয়াবিন তেলবীজ, পিঁয়াজ, খেসারি, মুগ ও মসুর ডালবীজ, হাইব্রিড ধানবীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights