গোবিপ্রবিতে নতুন উপাচার্যের যোগদান
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে রবিবার রাত ৮টায় তিনি ক্যাম্পাসে এসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি দুর্নীতির সঙ্গে কখনো জড়িত ছিলাম না, ভবিষ্যতেও থাকব না। তবে কেউ দুর্নীতি করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।’
এর আগে রবিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০২৫)-এর ১০(১) ধারা অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, ততদিন তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
