গোলকিপারের বীরত্বে বিশ্বকাপে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট

অনলাইন ডেস্ক
কানসাস সিটিতে আজ ইতিহাস গড়েছে কুরাসাও। ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে স্মরণীয় একটি পয়েন্ট পেয়েছে ক্যারিবীয় দ্বীপ দেশটি। এই সাফল্যের নায়ক গোলরক্ষক এলয় রোম।

অবিশ্বাস্য পারফরম্যান্সে তিনি একাই ঠেকিয়েছেন ইকুয়েডরের ১৫টি শট। যা ১৯৬৬ সালের পর থেকে অতিরিক্ত সময় ছাড়াই অনুষ্ঠিত কোনো বিশ্বকাপ ম্যাচে একজন গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড।

ইকুয়েডর ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ চালালেও এলয় রুম ছিলেন যেন অদম্য প্রাচীর। তার অসাধারণ ক্ষিপ্রতা, অবস্থানজ্ঞান ও আত্মবিশ্বাসী গোলকিপিংয়ের সামনে বারবার ব্যর্থ হয়েছেন ইকুয়েডরের ফরোয়ার্ডরা।

বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল বাঁচানোর রেকর্ড যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে হাওয়ার্ড রেকর্ড ১৬টি সেভ করেছিলেন।

ম্যাচের আগে স্পষ্ট ফেভারিট ছিল ইকুয়েডর। কিন্তু মাঠে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেনি তারা। কুরাসাওয়ের দৃঢ় ও সংগঠিত রক্ষণভাগ ভেদ করার কোনো কার্যকর উপায় খুঁজে পায়নি দলটি। ফলে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ইকুয়েডরকে, আর কুরাসাও ম্যাচ শেষে মেতেছে উদ্‌যাপনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights