গোল বাতিল বিতর্কে ফিফার দ্বারস্থ ব্রাজিল, টানল মেসির উদাহরণ

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়রের বাতিল হওয়া গোলকে কেন্দ্র করে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। একই সঙ্গে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির অস্ট্রিয়ার বিপক্ষে করা একটি গোলের উদাহরণ টেনে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারে একই ধরনের মানদণ্ড অনুসরণের দাবি জানিয়েছে তারা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে ভিনিসিয়ুসের একটি গোল প্রথমে স্বীকৃতি পেলেও পরে ভিএআর পর্যালোচনার পর সেটি বাতিল করা হয়। রিপ্লেতে দেখা যায়, গোলের আগে স্কটিশ এক ডিফেন্ডারকে ‘ফাউল’ করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে মাঠের রেফারি মেক্সিকোর সিজার রামোস শুরুতে কোনো ফাউলের বাঁশি বাজাননি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম এস্তাদাও-এর প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার পর ফিফার কাছে পাঠানো চিঠিতে সিবিএফ জানায়, পুরো টুর্নামেন্টজুড়ে ভিএআর কেবল স্পষ্ট ও সুস্পষ্ট ভুলের ক্ষেত্রেই হস্তক্ষেপ করেছে। কিন্তু ভিনিসিয়ুসের গোল বাতিলের সিদ্ধান্ত সেই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

অভিযোগের পক্ষে উদাহরণ হিসেবে আর্জেন্টিনার বিপক্ষে অস্ট্রিয়ার ম্যাচে লিওনেল মেসির প্রথম গোলের কথাও উল্লেখ করেছে ব্রাজিল। তাদের দাবি, একই ধরনের পরিস্থিতিতে সেখানে ভিএআর হস্তক্ষেপ করেনি। তাই সব দলের ক্ষেত্রে সমান ও স্বচ্ছ মানদণ্ড প্রয়োগ করা উচিত।
চিঠিতে সিবিএফ আরো বলেছে, তাদের উদ্দেশ্য কোনো নির্দিষ্ট সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা নয়; বরং বিশ্বকাপজুড়ে ভিএআর ব্যবহারে ধারাবাহিকতা, স্বচ্ছতা এবং সব দলের জন্য সমান বিচার নিশ্চিত করা।

এ ছাড়া স্কটল্যান্ড ম্যাচে রেফারি হিসেবে সিজার রামোসকে নিয়োগ নিয়েও আপত্তি জানিয়েছে ব্রাজিল। ২০১৮ বিশ্বকাপে ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচেও তার একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছিল। সিবিএফের দাবি, সেই অতীত বিবেচনায় নিয়ে ফিফার অন্য রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত ছিল। তবে এই বিতর্কের মধ্যেও স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল। রাউন্ড-৩২-এ আগামী ২৯ জুন তারা জাপানের মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights