গোল মিসে বিশ্বকাপ থেকে বাদ, কলম্বিয়ান ফুটবলারকে হত্যার হুমকি
অনলাইন ডেস্ক
সুইজারল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর থেকেই একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন কলম্বিয়ান উইঙ্গার হামিন্তন কাম্পাস। ১৯৯৪ সালের সেই কুখ্যাত ‘আন্দ্রেস এসকোবার’ ট্র্যাজেডির আতঙ্ক মাথায় নিয়ে ইতিমধ্যেই আত্মগোপনে চলে গেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।
কলম্বিয়ার বোগোতাগামী দলের নির্ধারিত বিমানে কাম্পাস না ওঠায় তাঁর বর্তমান অবস্থান নিয়ে রহস্য তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন।
সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করার একটি সহজ সুযোগ হাতছাড়া করেছিলেন ২৬ বছর বয়সী উইঙ্গার হামিন্তন কাম্পাস। পরে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ০-০ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে সুইজারল্যান্ড।
পরে কাম্পাস ম্যাচ শেষে বোগোতাগামী দলের নির্ধারিত বিমানটিতে ওঠেননি। বর্তমানে তিনি ঠিক কোথায় অবস্থান করছেন, তা এখনো প্রকাশ করা হয়নি। তিনি আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালে খেলেন। তিনি ক্লাবের সঙ্গে যোগ দিয়েছেন কিনা সেটিও নিশ্চিত নয়।
এদিকে, হত্যার হুমকির মুখে আত্মগোপনে যাওয়ার পর অবশেষে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক দীর্ঘ আবেগঘন পোস্ট দিয়েছেন হামিন্তন কাম্পাস। তিনি লিখেছেন, ছোটবেলা থেকেই আমি স্বপ্ন দেখতাম কলম্বিয়ার জার্সি গায়ে জড়ানোর, মাঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত শোনার, লাখো মানুষের প্রতিনিধিত্ব করার আর বিশ্বকাপে একটা গোল করার।
তিনি লেখেন, আমরা সবাই যে আনন্দের অপেক্ষায় ছিলাম, তা আপনাদের এনে দিতে না পারার জন্য আমি গভীরভাবে দুঃখিত। তবে আমি আপনাদের জানাতে চাই, এই জার্সির প্রতি আমার নিবেদন, প্রতিশ্রুতি আর ভালোবাসার কোনো কমতি ছিল না। মাঠের ভেতর আমি আমার উজাড় করে দিয়েছি এবং দেশের জন্য এই কাজ আমি আরও হাজার বার করতে রাজি।
কাম্পাসের এই বর্তমান পরিস্থিতি ১৯৯৪ সালের সেই কালো অধ্যায়ের স্মৃতি ফিরিয়ে এনেছে। সেবার বিশ্বকাপে আত্মঘাতী গোল করার অপরাধে মেদেলিন শহরে কলম্বিয়ান ডিফেন্ডার আন্দ্রেস এসকোবারকে গুলি করে হত্যা করা হয়।
কলম্বিয়ান ফুটবল ফেডারেশন এই হুমকির তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, দেশের প্রতিনিধিত্ব করার জন্য কোনো ক্রীড়াবিদ কিংবা তার পরিবারের কোনো সদস্যকে এভাবে হুমকির মুখে পড়তে হতে পারে না।
