গৌরনদীতে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় পৃথক মামলা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের গৌরনদীতে জমি নিয়ে বিরোধের জের ধরে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ ইউপি সদস্যসহ ৬ নেতাকর্মী আহতের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। শরিকল ইউনিয়ন যুব ও স্বেচ্ছাসেবক লীগের ৪১ নেতাকর্মীকে আসামি করে গত শুক্রবার রাতে এবং শনিবার সকালে পৃথক এই মামলা দায়ের হয়।
উপজেলার শরিকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ৩ নম্বর ওয়ার্ড সদস্য আধুনা গ্রামের হারুন অর রশিদ বাদী হয়ে ১১ জনের নামোল্লেখ সহ ২৩ নেতাকর্মীকে আসামি করে একটি এবং ইউনিয়ন যুবলীগের সদস্য ও বেতগর্ভ গ্রামের ওমান প্রবাসী চুন্নু বালি বাদী হয়ে ১২ জনের নামোল্লেখসহ ১৯ নেতাকর্মীকে আসামি করে শনিবার সকালে একটি মামলা দায়ের করেন।
গৌরনদী থানার ওসি মো. আনোয়ার হোসেন পৃথক দুটি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গত ২৯ ফেব্রুয়ারি বেতগর্ভ গ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এই পৃথক মামলা দায়ের করা হলো।
