গ্রাম আদালতে নারীর সুবিচার প্রাপ্তিতে যুবারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: বরিশাল ডিসি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বৃহস্পতিবার জেলা সার্কিট হাউস সম্মেলন কক্ষে‘গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন’ শীর্ষক যুব কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল ডিসি মোহাম্মদ দেলোয়ার হোসেন
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, গ্রামের সুখ শান্তি নিশ্চিত করার জন্য আমাদের সকলের দায়িত্বশীল হতে হবে। গ্রাম আদালত বাস্তবায়ন করার জন্য আইন রয়েছে, সেখানে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে গ্রামের নারী-পুরুষ তাদের ন্যায্য বিচার নিশ্চিত করতে পারবে।
বরিশাল জেলা সার্কিট হাউস সম্মেলন কক্ষে বৃহস্পতিবার ‘গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন’ শীর্ষক যুব কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপ-পরিচালক গৌতম বাড়ৈ।
এ সময় জেলা প্রশাসক আরও বলেন, গ্রাম আদালত বাস্তবায়ন করতে হলে সেখানে নারী-বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। গ্রাম আদালত আইনে নারীর অংশগ্রহণের কথা বলা আছে, যাতে নারীরা সহজেই তাদের ন্যায্য বিচার নিশ্চিত করতে পারে। নারী-পুরুষ সবাই মিলে গ্রাম আদালত সক্রিয়করতে হবে। এক্ষেত্রে যুব সমাজকে উদ্যোগী হতে হবে। এটি একটি সামাজিক কাজ। পড়ালেখার পাশাপাশি যুব সমাজকে সমাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালত বিষয়ক সচেতনতা কার্যক্রমে যুব সমাজের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক শামীম চৌধুরীসহ বরিশাল জেলার ১০ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে থেকে আসা ৩০ জন যুব প্রতিনিধি।
