গ্রিনল্যান্ডে ন্যাটো সেনা পাঠালে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি রাশিয়ার
অনলাইন ডেস্ক
গ্রিনল্যান্ডে পশ্চিমা দেশগুলোর সামরিক উপস্থিতির বিস্তার ঘটলে পাল্টা সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বুধবার রুশ আইনপ্রণেতাদের সামনে দেওয়া এক ভাষণে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই কড়া বার্তা দেন।
ল্যাভরভ স্পষ্ট করে বলেন, গ্রিনল্যান্ডকে যদি সামরিকীকরণের চারণভূমি হিসেবে ব্যবহার করা হয় এবং রাশিয়ার বিরুদ্ধে কোনো সামরিক সক্ষমতা তৈরি করা হয়, তবে মস্কো অবশ্যই তার পাল্টা জবাব দেবে। এক্ষেত্রে প্রয়োজনবোধে সামরিক ও প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার ইচ্ছা পোষণ করার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা বাড়তে শুরু করেছে। সম্প্রতি বেশ কিছু ইউরোপীয় দেশ গ্রিনল্যান্ডে তাদের ছোট ছোট সেনাদল পাঠিয়েছে, যা রাশিয়ার উদ্বেগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
যদিও ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ড দখলের সুর নরম করে জানিয়েছেন, ওই অঞ্চলে মার্কিন প্রভাব বজায় রাখতে তিনি ন্যাটো প্রধান মার্ক রুটের সাথে একটি বিশেষ রূপরেখা নিয়ে কাজ করছেন। তবে রাশিয়ার দাবি, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র মিলে গ্রিনল্যান্ডের ভূখণ্ডকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের পাঁয়তারা করছে। একইসঙ্গে ডেনমার্কের বিরুদ্ধে গ্রিনল্যান্ডের নাগরিকদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে গণ্য করার অভিযোগও তুলেছেন ল্যাভরভ।
অন্যদিকে, গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে যে, ওয়াশিংটনের সাথে যেকোনো আলোচনার ক্ষেত্রে তাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা বজায় রাখাই হবে প্রধান শর্ত।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
