গ্রুপসেরার লড়াইয়ে মুখোমুখি হালান্ড-এমবাপ্পে

অনলাইন ডেস্ক

২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর শেষ ম্যাচে শুক্রবার যুক্তরাষ্ট্রের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে নরওয়ে ও ফ্রান্স। দুই দলই ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে। এবার লড়াই গ্রুপসেরা হওয়ার।

২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে নরওয়ে দারুণ ছন্দে রয়েছে। প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে সেনেগালকে ৩-২ ব্যবধানে পরাজিত করে টানা দুই জয়ে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে স্তালে সলবাক্কেনের দল।

তবে সমান ছয় পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। ফলে নরওয়েকে গ্রুপসেরা হতে হলে শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। আর্লিং হলান্ডের দুর্দান্ত ফর্ম নরওয়ের বড় ভরসা। প্রথম ম্যাচেই জোড়া গোল করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন এই তারকা ফরোয়ার্ড।

অন্যদিকে, ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ও ২০২২ সালের রানার্সআপ ফ্রান্সও নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ এবং দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে রয়েছে দিদিয়ের দেশমের দল।

দুই ম্যাচেই গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ইরাকের বিপক্ষে আরও গোল করেন ব্র্যাডলি বারকোলা। আক্রমণভাগের ধার ধরে রেখে গ্রুপ পর্ব শতভাগ জয়ে শেষ করতে চায় ফরাসিরা। ফ্রান্সের জন্য সমীকরণ সহজ। ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা। তবে জয় নিয়েই শেষ করতে চাইবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অতীত পরিসংখ্যানও ফ্রান্সের পক্ষে। দুই দলের সর্বশেষ দেখায় ২০১৪ সালে ৪-০ গোলের বড় জয় পেয়েছিল ফরাসিরা। তবে ২০১০ সালে নিজেদের মাঠে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল নরওয়ে।

দারুণ ফর্মে থাকা দুই দলের লড়াইয়ে জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। গ্রুপসেরা নির্ধারণের এই ম্যাচে সামান্য এগিয়ে থাকলেও নরওয়েকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ফ্রান্সের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights