গ্রুপ পর্বে টানা তিন জয়ের রেকর্ড গড়ে নকআউটে মেক্সিকো

অনলাইন ডেস্ক
প্রথমার্ধে ছিল সতর্ক লড়াই, সুযোগও ছিল হাতে গোনা। তবে বিরতির পরই যেন রূপ বদলে ফেলে মেক্সিকো। দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবলে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে চেকিয়াকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে শতভাগ সাফল্য নিয়ে।

ম্যাচের ৫৫তম মিনিটে আসে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু। মাঝমাঠে একাধিক প্রতিপক্ষকে কাটিয়ে চমৎকার পাস বাড়ান লুইস রোমো। সেই বল ধরে দ্রুত বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে জালে বল জড়ান মাতেও চাভেজ। গোলের সঙ্গে সঙ্গেই মেক্সিকান সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

গোলের ধাক্কা সামলে ওঠার আগেই ব্যবধান দ্বিগুণ করে মেক্সিকো। প্রথম গোলের প্রায় পাঁচ মিনিট পর দলের দ্বিতীয় গোলটি করেন হুলিয়ান কিনোনেস। শেষ দিকে আক্রমণের ধার অব্যাহত রাখে স্বাগতিকরা। যোগ করা সময়ে গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন আলভারো ফিদালগো।

এই জয়ে বিশ্বকাপের ‘এ’ গ্রুপে তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিল মেক্সিকো। একই সঙ্গে চলতি আসরে প্রথম দল হিসেবে গ্রুপ পর্বে শতভাগ সাফল্যের কীর্তি গড়ল তারা। এছাড়া ১৯৯০ সালে এমন কীর্তি গড়েছিল ইতালি। তাদের পর প্রথম স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের সব ম্যাচ জয়ের নজিরও স্থাপন করল মেক্সিকো। দ্বিতীয়ার্ধের এই দাপুটে পারফরম্যান্স তাদের শিরোপা-স্বপ্নে নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights