গ্রেফতারের ভয়ে ফ্রিজারে লুকিয়ে প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পুলিশের হাত থেকে রক্ষা পেতে এক যুবক আশ্রয় নেন পরিত্যক্ত বাড়ির ‘চেস্ট ফ্রিজারে’। পুলিশের চোখকে ফাঁকি দিতে পারলেও মৃত্যুকে এড়াতে পারেননি ওই যুবক। ফ্রিজার থেকে আর বের হতে পারেননি তিনি।

ওই যুবকের মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর মঙ্গলবার মিনেসোটা পুলিশ জানিয়েছে, যুবকের মরদেহে কোনও চোট বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওই ফ্রিজারে আটকে পড়েই তাঁর মৃত্যু হয়েছে।

মিনেসোটা পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম ব্রেন্ডন লি বাসম্যান। বয়স ৩৪ বছর। গত ২৬ জুন মিনেসোটার একটি পরিত্যক্ত বাড়ির ‘চেস্ট ফ্রিজার’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, ব্রেন্ডনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গ্রেফতারি এড়াতে গা-ঢাকা দিয়ে বেড়াচ্ছিলেন তিনি। পুলিশকে দেখেই ওই পরিত্যক্ত বাড়ির ফ্রিজারে গিয়ে লুকিয়েছিলেন। তবে সেখান থেকে আর বের হতে পারেননি।
ব্রেন্ডনের বিরুদ্ধে কী অভিযোগ ছিল তা প্রকাশ করেননি পুলিশ কর্মকর্তারা। তবে একটি প্রেস বিবৃতি জারি করে মিনেসোটা পুলিশ জানিয়েছে, ফেব্রুয়ারি থেকেই ওই বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়েছিল। গত এপ্রিল থেকে বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। যে ‘চেস্ট ফ্রিজারে’ ব্রেন্ডনের মরদেহ পাওয়া গিয়েছে, সেটি পুরনো মডেলের হওয়ায় তা ভেতর থেকে খোলা যায় না।

ফ্রিজারে ঢোকার পর একটি লোহার রড দিয়ে ব্রেন্ডন সেটি খোলার চেষ্টা করেছিলেন বলে মনে করছেন তদন্তকারীরা। তবে পুরনো মডেলের হওয়ায় ফ্রিজারটি ভিতর থেকে খুলতে পারেননি তিনি।

সূত্র- ইউএসএ টুডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights