গ্র্যামির মঞ্চে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রসিকতা

শোবিজ ডেস্ক

শেষবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডস সঞ্চালনা করতে এসে যেন প্রথা ভাঙলেন ট্রেভর নোয়াহ। সাধারণত তিনি গ্র্যামির মঞ্চে রাজনৈতিক আলাপ টানেন না। তবে এবার দেখা মিলল ভিন্ন এক নোয়াহর!

অনুষ্ঠানের শুরুতেই র‍্যাপার নিকি মিনাজের সাম্প্রতিক ‌‘ডোনাল্ড ট্রাম্প ভক্তি’ নিয়ে রীতিমতো খোঁচা দিলেন জনপ্রিয় এই সঞ্চালক।

লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডট কম অ্যারেনায় আয়োজিত ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের উদ্বোধনী মনোলোগে নোয়াহ দর্শকদের জানান, কেন এই মেগা আসরে নিকি মিনাজ অনুপস্থিত। কারণ, তিনি এখনো হোয়াইট হাউসে।

নিকি মিনাজের বর্তমান রাজনৈতিক অবস্থানের দিকে ইঙ্গিত করে নোয়াহ বলেন, নিকি মিনাজ আজ এখানে নেই। তিনি এখনো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে আছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বিষয়ে আলোচনা করছেন।

উল্লেখ্য, সম্প্রতি নিকি মিনাজ ডোনাল্ড ট্রাম্প এবং তার ‘মাগা’ মুভমেন্টের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে নিজের ভক্তদের মধ্যে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন।

রসিকতার পারদ আরও চড়িয়ে নোয়াহ ট্রাম্পের কণ্ঠ নকল করে কার্ডি বি-র ভাইরাল গান ‘WAP’-এর প্রসঙ্গ টানেন। ট্রাম্পের ভঙ্গিতে তিনি বলেন, আসলে নিকি, আমার শরীরই সবচেয়ে আকর্ষণীয়! সবাই এটাই বলছে। আমি জানি তারা বলে এটা তুমি, কিন্তু আসলে এটা আমি। ওয়্যাপ, ওয়্যাপ, ওয়্যাপ। দেখ বেবি!

এটি ছিল গ্র্যামির মঞ্চে ট্রেভর নোয়াহর টানা ষষ্ঠ এবং শেষবারের মতো সঞ্চালনা।

অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক বেন উইনস্টন আগেই জানিয়েছিলেন, নোয়াহর এই বিদায় আসরটি হবে বর্ণিল। তিনি নোয়াহকে একজন ‘অসাধারণ এবং স্মার্ট’ সঞ্চালক হিসেবে অভিহিত করেন, যিনি দীর্ঘ সময় ধরে গ্র্যামির জৌলুস বাড়িয়ে চলেছেন।

প্রসঙ্গত, এবারের আসরে প্রধান পুরস্কারগুলো জিতে নিয়েছেন জনপ্রিয় শিল্পী ব্যাড বানি, কেনড্রিক লামার, বিলি ইলিশ এবং লেডি গাগা।

‘ডেবি তিরার মাস ফোটোস’ অ্যালবামের জন্য গ্র্যামির অন্যতম শীর্ষ সম্মান ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জিতে নিয়েছেন ব্যাড বানি। অন্যদিকে, ‘লুথার’ গানের জন্য ‘রেকর্ড অব দ্য ইয়ার’ এবং ‘জিএনএক্স’ অ্যালবামের জন্য ‘বেস্ট র‍্যাপ অ্যালবাম’সহ একাধিক পুরস্কার নিজের করে নিয়েছেন কেনড্রিক লামার। ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ গানের জন্য বিলি আইলিশ জিতেছেন ‘সং অব দ্য ইয়ার’-এর পুরস্কার। পপ তারকা লেডি গাগার ঝুলিতে গেছে ‘বেস্ট পপ ভোকাল অ্যালবাম’সহ (অ্যালবাম: মেহেম) দুটি পুরস্কার।

সূত্র: ভ্যারাইটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights