ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতায় আত্মবিশ্বাসী কিউই অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মূল তারকাদের অনুপস্থিতিতেই মাঠে নামছে নিউজিল্যান্ড। আইপিএল ও পিএসএলের ব্যস্ততার কারণে দলের বেশিরভাগ নিয়মিত ক্রিকেটার না থাকায় তুলনামূলক অনভিজ্ঞ স্কোয়াড নিয়েই খেলবে সফরকারীরা।
তবে বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। তার বিশ্বাস, দলে থাকা ক্রিকেটারদের ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের অভিজ্ঞতাই আন্তর্জাতিক মঞ্চে ভালো পারফরম্যান্সে সহায়তা করবে।
বাংলাদেশ সিরিজের দলে অভিজ্ঞতার বিচারে আছেন ইশ সোধি ও ল্যাথাম নিজে। তবে ল্যাথামও গত তিন বছরে মাত্র তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবুও তরুণদের সামর্থ্যে আস্থা রাখছেন তিনি।
ওয়ানডে সিরিজে ডিন ফক্সক্রফটের ৭৫ রানের ইনিংস, যেখানে ছিল সাতটি ছক্কা, নজর কেড়েছে। এছাড়া নিক কেলি, নাথান স্মিথরাও ছিলেন দারুণ ছন্দে। কাটেন ক্লার্কের মতো প্রতিভাবান ব্যাটারও আছেন দলে, যাদের ওপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।
টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ল্যাথাম বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা কম হলেও ঘরোয়া ক্রিকেটে তার দলের খেলোয়াড়রা যথেষ্ট পরিণত। তিনি মনে করেন, সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারলেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা সম্ভব।
তিনি আরও জানান, দলের কয়েকজন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেছে, যেখানে তারা বিশ্বমানের খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সেই অভিজ্ঞতাও কাজে লাগবে বলে আশা করছেন তিনি।
ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ জিতেও শেষ পর্যন্ত সিরিজ হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন করে লড়াইয়ের আশায় রয়েছে দলটি।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। বিদ্যুৎ সাশ্রয়ের কারণে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
