ঘাঁটিতে হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘকে কাতারের চিঠি, ইরানের রাষ্ট্রদূত তলব

অনলাইন ডেস্ক

কাতারে যুক্তরাষ্ট্র পরিচালিত আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই চিঠিতে সোমবার রাতের হামলাকে ‘চরম বিপজ্জনক উসকানি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, এই হামলা কাতারের ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন’। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এই ক্ষেপণাস্ত্র হামলা এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।

বিবৃতিতে কাতার জোর দিয়ে বলেছে, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী কাতার এর উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে। দেশটি জানিয়েছে, তারা দোহায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে এরই মধ্যে তলব করেছে।

সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে বলেছিল তারা ইরান থেকে ছোঁড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। যদিও ইরান দাবি করেছে— হামলা হয়েছে মার্কিন সামরিক ঘাঁটিতে, কাতারকে লক্ষ্য করে নয়।

ঘাঁটিটি কাতারে অবস্থিত হলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের এই পদক্ষেপটি ছিল আত্নরক্ষামূলক। কাতার এবং অন্যান্য প্রতিবেশী দেশের প্রতি ইরান তার প্রতিবেশিদের সাথে আস্থা ও সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র : বিবিসি বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights