ঘুড়ি উড়ানো নিয়ন্ত্রণে কঠোর আইন পাস করল পাকিস্তানের পাঞ্জাব

অনলাইন ডেস্ক
ঘুড়ি উড়ানো নিয়ন্ত্রণে কঠোর আইন পাস করল পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পরিষদ। ‘রেগুলেশন অব কাইট ফ্লাইং বিল–২০২৫’ নামে এই আইনের মাধ্যমে ঘুড়ি ও বিপজ্জনক মাঞ্জা ব্যবহারে কঠোর শাস্তি ও বড় অংকের জরিমানার বিধান রাখা হয়েছে।

নতুন আইনে নাইলন, ধাতব তার ও কাচ বা রাসায়নিক মেশানো মাঞ্জা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এসব মাঞ্জার কারণে অতীতে বহু দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে।

আইন অনুযায়ী, অনুমতি ছাড়া ঘুড়ি ও নিষিদ্ধ মাঞ্জা ওড়ানো, তৈরি, মজুত বা বিক্রি করলে ৩ থেকে ৫ বছর কারাদণ্ড, সর্বোচ্চ ২০ লাখ রুপি জরিমানা, অথবা উভয় দণ্ড হতে পারে।

যারা নিষিদ্ধ মাঞ্জা ও ঘুড়ি তৈরি বা বিক্রির সঙ্গে জড়িত থাকবেন, তাদের জন্য শাস্তি আরও কঠোর। এ ক্ষেত্রে ৫ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার বিধান রাখা হয়েছে।

এই অপরাধকে অ-জামিনযোগ্য ও আমলযোগ্য ঘোষণা করা হয়েছে। ফলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। সাব-ইন্সপেক্টর বা তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তল্লাশি ও জব্দের ক্ষমতা পাবেন।

শিশুদের ক্ষেত্রে মামলা পরিচালিত হবে জুভেনাইল জাস্টিস সিস্টেম আইন–২০১৮ অনুযায়ী। কোনও শিশু জরিমানা দিতে ব্যর্থ হলে সেই অর্থ তার বাবা-মা বা অভিভাবকের কাছ থেকে আদায় করা হবে।

আইনে ডেপুটি কমিশনারদের নির্দিষ্ট দিন ও স্থানে শর্তসাপেক্ষে ঘুড়ি ওড়ানোর অনুমতি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করা বাধ্যতামূলক।

ঘুড়ি ও অনুমোদিত সুতা তৈরি ও বিক্রির জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। নিবন্ধন ছাড়া বিক্রি করলে ১ থেকে ৫ বছর কারাদণ্ড বা জরিমানা হতে পারে।

এছাড়া, আইন লঙ্ঘনের তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ৫ হাজার রুপি পুরস্কার দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। সূত্র: ডন নিউজ, পাকিস্তান টুডে, দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights