ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত ব্রাজিল, ২১ জনের নিহতের খবর

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণাঞ্চলে অন্তত ২১ জনের নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছে। বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ। মূলত ঘূর্ণিঝড়ের কারণে মুষলধারে বৃষ্টি এবং প্রবল বাতাসের কারণে এই বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হয়।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দক্ষিণ আমেরিকার এই দেশটির ওই এলাকায় আরও বন্যার আশঙ্কা রয়েছে। দেশটির রিও গ্র্যান্ডে ডো সুলের গভর্নর বলেছেন, এটিই তার প্রদেশের সবচেয়ে খারাপ আবহাওয়া বিপর্যয়ের ঘটনা।

জানা গেছে, হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। পাঁচ হাজার বাসিন্দার শহর মুকুমে শত শত লোককে তাদের বাড়ির ছাদ থেকে উদ্ধার করতে হয়েছে। কারণ শহরের ৮৫ শতাংশ অঞ্চলই প্লাবিত হয়েছে বলে স্থানীয় মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, ফেডারেল সরকার সাহায্য করতে প্রস্তুত। তিনি বলেন, “কোথাও কোনও সমস্যা হলে মানুষকে বাঁচাতে ফেডারেল সরকার সেখানে কাজ করবে।”

রিও গ্র্যান্ডে ডো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইট এক সংবাদ সম্মেলনে বলেছেন, মঙ্গলবার মুকুম শহরে আরও ১৫টি মৃতদেহ পাওয়া গেছে। আর এতেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

প্রদেশটিতে ২৪ ঘণ্টারও কম সময়ে ৩০০ মিমি-এর বেশি বৃষ্টিপাত হয়েছে এবং এর জেরে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মুকুম শহরের মেয়র মাতেউস ট্রোজান রেডিও গাউচাকে বলেছেন, “এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।” সূত্র: আল জাজিরা, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights