ঘোড়ার মাংস দিয়ে পিকনিক করার সময় আটক ২

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার শেরপুরে ঘোড়া জবাই করে পিকনিক করার সময় এলাকাবাসী দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে খাসির মাংস বলে বিক্রির অভিযোগ করে স্থানীয় কিছু উৎসুক জনতা ও সামাজিক মাধ্যমে অপপ্রচার করা হয়েছে। এ নিয়ে এলাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

গ্রেফতাররা হলেন শেরপুর উপজেলার ধড়মোকাম এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে তৌহিদ আহমেদ (৩০) ও ফুলতলা এলাকার ইয়াকুব আলীর ছেলে সালমান হোসেন (২৪)। উদ্ধার করা হয়েছে প্রায় একমণ ঘোড়ার মাংস। পিকনিকে খাওয়ার জন্য একটি ঘোড়া জবাই করেছিল বলে পুলিশকে জানিয়েছেন আটকরা।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকার তৌহিদ আহমেদের বাড়িতে শব্দ পায় কয়েকজন গ্রামবাসী। তখন ভেতরে গিয়ে দেখতে পায় ঘোড়া জবাই করে মাংস কাটছেন কয়েকজন। এ খবরে এলাকার অন্যদের ডাকলে ৪ থেকে ৫ জন পালিয়ে গেলেও সালমান ও তৌহিদকে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ এসে জবাই করা ঘোড়াসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককালে গ্রামবাসীকে দুইজন জানান, তারা ঘোড়ার মাংস দিয়ে পিকনিক করার জন্য মাংস কাটছিল। তারা মাংস ব্যবসায়ী না। নিজেরা কয়েকজন মিলে ঘোড়ার মাংসের স্বাদ গ্রহণ করতে এই পিকনিকের আয়োজন করেছিলেন। কিন্তু কয়েকজন উৎসুক গ্রামবাসী অপপ্রচার চালিয়েছে তারা নাকি ঘোড়ার মাংসকে খাসির মাংস বলে বিক্রির চেষ্টা করছে।

শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি শুনেছি। ভবিষ্যতে যেন কেউ এমন কাজ না করতে পারে এজন্য সকলকে সতর্ক থাকতে হবে।

বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, উৎসুক জনতা দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে। আটকদের সাথে কথা বলে জেনেছি যে, তারা ঘোড়ার মাংস দিয়ে পিকনিক করার কথা ছিল। পিকনিক আয়োজন করার সময়ই তাদের এই ঘটনাটি জানাজানি হয়ে যায়। ঘোড়ার মাংস বিক্রির বিষয়টি সঠিক না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights