চকচকে রেলে দুর্বল নিরাপত্তা
শামীম আহমেদ
পদ্মা সেতু পেরিয়ে ছুটছে আধুনিক ট্রেন, কক্সবাজার পর্যন্ত পৌঁছেছে নতুন রেলপথ। দেশের রেল যোগাযোগ যখন নতুন যুগে প্রবেশ করছে, তখন প্রত্যন্ত রেললাইনের পাশে বাঁশের ভারায় অজ্ঞাত মরদেহ কাঁধে নিয়ে মাইলের পর মাইল হাঁটতে হচ্ছে রেলওয়ে পুলিশের সদস্যকে। লাখ লাখ যাত্রীর নিরাপত্তার দায়িত্ব যাদের কাঁধে, সেই দেড় শতকের পুরনো বিশেষায়িত পুলিশ ইউনিটটিই আজ জনবল, যানবাহন ও আধুনিক সরঞ্জামের সংকটে।
১৮৭২ সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ-বর্তমানের জিআরপি-স্বাধীনতার পর বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করছে। ট্রেনে যাত্রী নিরাপত্তা, অপরাধ দমন, তদন্ত এবং রেললাইনে অপমৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা তাদের দায়িত্ব।
আধুনিক রেলে দুর্বল নিরাপত্তা : পদ্মা সেতু রেল সংযোগ, দোহাজারী-কক্সবাজার রেলপথ, যমুনার ওপর পৃথক রেলসেতু, ডাবল লাইন ও আধুনিক কোচ দেশের রেল যোগাযোগের চিত্র বদলে দিচ্ছে। প্রতিদিন কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে লাখো মানুষ ট্রেনে যাতায়াত করছেন। কিন্তু রেলের সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি জিআরপির সক্ষমতা। বাংলাদেশ রেলওয়ের প্রায় ৫০০ স্টেশনের অনেকগুলোতেই কার্যকর প্রবেশ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নেই। কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর, নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, ঈশ্বরদী, চট্টগ্রাম ও ময়মনসিংহের মতো ব্যস্ত স্টেশনেও অনেক ক্ষেত্রে সীমানা নিয়ন্ত্রণ দুর্বল।
লাগেজ স্ক্যানার, আর্চওয়ে ও পর্যাপ্ত নজরদারি ব্যবস্থার অভাবে বহিরাগতদের অবাধ প্রবেশের সুযোগ তৈরি হয়। এতে টিকিট কালোবাজারি, পকেটমার, ছিনতাইকারী ও মাদক চোরাকারবারিদের তৎপরতার ঝুঁকি বাড়ে।
নানা সংকটে জর্জরিত দুই নিরাপত্তা বাহিনী : রেলওয়ের অভ্যন্তরীণ সুরক্ষায় দুটি পৃথক বাহিনী রয়েছে। এর মধ্যে রেলওয়ের নিজস্ব রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) রেলের ভৌত সম্পত্তি (ট্র্যাক, ইঞ্জিন, বগি, জমি) পাহারা দেওয়ার কাজ করে। প্রায় ৩ হাজার অনুমোদিত পদের বিপরীতে সেখানে কর্মরত প্রায় ১ হাজার ৭০০ সদস্য। প্রতিনিয়ত রেলের কলেবর বাড়লেও সেই অনুযায়ী বাড়ছে না এই নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা ও সক্ষমতা। ফলে প্রতিনিয়ত বেদখল হচ্ছে রেলের জমি। চুরি হয়ে যাচ্ছে রেলের স্লিপারসহ মূল্যবান সম্পদ।
আরেকটি বাহিনী হলো-রেলওয়ে পুলিশ (জিআরপি)। ১৮৯০ সালের ‘রেলওয়ে আইন’ ও ‘বেঙ্গল পুলিশ রেগুলেশনস’ (পিআরবি, ১৯৪৩) অনুযায়ী প্ল্যাটফর্মের শৃঙ্খলা, টিকিট কালোবাজারি, চুরি-ছিনতাই, মাদক ও নারী নির্যাতন রোধসহ যাবতীয় ফৌজদারি অপরাধের তদন্তের একক এখতিয়ার জিআরপির। এছাড়া সিআরপিসি-র ১৭৪ ধারা অনুযায়ী অপঘাতে মৃত্যুর সুরতহাল ও আইনি নিষ্পত্তির দায়িত্বও তাদের। তবে নানা সংকটে জর্জরিত বাহিনীটি নিরাপত্তার সেই পবিত্র দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছে। নেই পর্যাপ্ত জনবল, নেই আধুনিক সরঞ্জাম। ফলে রেলপথে নানা অপরাধ ও অঘটন বেড়েই চলেছে। প্রতি মাসে রেলপথে শুধু অপমৃত্যুর ঘটনাই ঘটছে শতাধিক।
সোয়া কিলোমিটারে জিআরপি সদস্য মাত্র একজন : দেশের ৪৪টির বেশি জেলায় তিন হাজার কিলোমিটারের বেশি রেলপথ বিস্তৃত। শত শত আন্তঃনগর, মেইল, লোকাল ও মালবাহী ট্রেনের নিরাপত্তায় জিআরপির বর্তমান জনবল মাত্র ২ হাজার ৪৩৫ জন। অর্থাৎ, সোয়া কিলোমিটার রেলপথে যাত্রীর নিরাপত্তার দায়িত্ব পালন করছে মাত্র একজন জিআরপি সদস্য। দাপ্তরিক কাজ, আদালতে সাক্ষ্য, প্রশাসনিক দায়িত্ব ও ছুটি বাদ দিলে মাঠে সক্রিয় সদস্য সংখ্যা আরও কমে যায়। ফলে আন্তঃনগর ট্রেনে সীমিত সদস্য নিয়ে এস্কর্ট দিতে হয়; অনেক লোকাল ও কমিউটার ট্রেনে নিয়মিত এস্কর্টও সম্ভব হয় না। এর প্রভাব পড়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো অপরাধ দমনে। নির্জন এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পাথরে চালক ও যাত্রীরা আহত হয়েছেন; ঘটেছে প্রাণহানির ঘটনাও। প্রয়োজনীয় লাইন পেট্রোলিং ও ঝুঁকিপূর্ণ এলাকায় পাহারা দেওয়ার মতো জনবল জিআরপির নেই। সারা দেশে তাদের রয়েছে মাত্র ২৪টি থানা ও ৩২টি ফাঁড়ি।
মরদেহ উদ্ধারেও নেই প্রয়োজনীয় যান : রেলওয়ে পুলিশের সবচেয়ে কঠিন দায়িত্বগুলোর একটি রেললাইনে অপঘাতে নিহতদের মরদেহ উদ্ধার ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দেশের ছয় রেলওয়ে জেলায় ৯১৯টি অপমৃত্যুর মামলা হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় ৩৭৫টি, চট্টগ্রামে ১৪৪টি, খুলনায় ১৩৫টি, পাকশীতে ১১৩টি, সৈয়দপুরে ৭৯টি ও সিলেটে ৭৩টি।
প্রতিদিন গড়ে তিন থেকে চারটি মরদেহ উদ্ধার করতে হলেও জিআরপির নিজস্ব কোনো আধুনিক মরদেহবাহী যান নেই। দুর্গম এলাকায় মরদেহ উদ্ধারের পর স্থানীয় রিকশা, ঠেলাগাড়ি বা অন্য যান ভাড়া করতে হয়। কোথাও কোথাও মরদেহ বাঁশে ঝুলিয়ে মাইলের পর মাইল কাঁধে বহন করতে হয়।
জিআরপি সূত্র জানায়, পরিচয়হীন মরদেহ শনাক্তের জন্যও জিআরপির নিজস্ব বায়োমেট্রিক ডিভাইস নেই। ফলে পিবিআই বা সিআইডির ওপর নির্ভর করতে হয়। আর সুরতহাল, ময়নাতদন্ত ও বেওয়ারিশ মরদেহের সৎকারে সরকারি বরাদ্দ সীমিত হওয়ায় অনেক ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাদের নিজের পকেট থেকে অর্থ খরচ করতে হয়।
আটকে আছে অবকাঠামো উন্নয়ন : জিআরপির বহু থানা ও ফাঁড়ি এখনো পুরনো ও সংস্কারহীন ভবনে চলছে। অনেক থানা বা ফাঁড়ির বয়স পেরিয়েছে শত বছর। অনেক স্থানে পর্যাপ্ত অস্ত্রাগার, আলামত সংরক্ষণের মালখানা, নারী সদস্যদের জন্য পৃথক ওয়াশরুম ও দীর্ঘ ডিউটির পর বিশ্রামের উপযোগী ব্যারাক নেই।
জিআরপি সূত্র বলছে, একনেকের একটি প্রকল্পের আওতায় ২০টি থানা ও ফাঁড়ির আধুনিক ভবন, ব্যারাক, অস্ত্রাগার ও নারী সেবা ডেস্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এজন্য অর্থও বরাদ্দ করা হয়েছে। তবে রেলওয়ের জমি ব্যবহারের প্রশাসনিক জটিলতায় প্রকল্পের অগ্রগতি অত্যন্ত ধীর। জমি ব্যবহারে রেলের অনাপত্তিপত্র না পাওয়ায় ২০টি ইউনিটের মধ্যে অন্তত ১৩টি অবকাঠামো উন্নয়ন কাজ শুরু করা যাচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের মোট ৬৩ হাজার ৭২ একর জমি আছে। এর মধ্যে রেলের ২৫ হাজার ৮৩ একর জমি ইজারা দিয়ে আয় করছে রেলওয়ে। ৩ হাজার ২৪ একর জমি বহুদিন ধরে বেদখলে। সেখানে রেল পুলিশের জন্য থানা ও ফাঁড়ি নির্মাণে জমি মিলছে না।
বাংলাদেশ রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার জিল্লুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আন্তর্জাতিক মানের নিরাপদ রেলব্যবস্থা গড়ে তুলতে জিআরপির সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। নতুন রেলপথ ও বাড়তি ট্রেনের সঙ্গে সামঞ্জস্য রেখে জনবল বৃদ্ধি, প্রত্যন্ত এলাকায় পৌঁছাতে উপযোগী যান ও ট্রলি, প্রতিটি থানায় বিশেষায়িত মরদেহ পরিবহন ব্যবস্থা এবং পরিচয় শনাক্তে পোর্টেবল বায়োমেট্রিক ডিভাইস প্রয়োজন।
এছাড়া আমাদের থানা ও ফাঁড়িগুলো অনেক পুরনো ও জরাজীর্ণ। কোনোটির বয়স দেড়শ’ বছরের বেশি। আমরা পুলিশ বাহিনী থেকে আসলেও কাজ করি রেলের জন্য। জিআরপি’র ১০টি থানা ও ১০টি ফাঁড়ি নতুন করে নির্মাণে একনেকে ১৬০ কোটি টাকা অনুমোদন হয়ে আছে বহুদিন। কিন্তু এগুলোর অধিকাংশ নির্মাণে এখন পর্যন্ত রেলের জমি ব্যবহারের জন্য অনাপত্তিপত্র মেলেনি। এছাড়া থানা বা ফাঁড়িগুলো মূল স্টেশনের কাছে হলে ভালো হয়। এতে যাত্রীর নিরাপত্তা দেওয়া যেমন সহজ হয়, তেমনি যাত্রীরাও নানা অভিযোগ সহজে জানাতে পারে। যাত্রীরা স্টেশনে পুলিশ দেখলে ভরসা পায়। কিন্তু জমিগুলো দেওয়া হয় স্টেশন থেকে অনেক দূরে। এছাড়া রেলপথ ও ট্রেনের সংখ্যার তুলনায় জিআরপি সদস্যের সংখ্যাও নগণ্য।
তিনি বলেন, প্রধান স্টেশন ও ইয়ার্ডে কার্যকর সীমানা নিয়ন্ত্রণ, আধুনিক তল্লাশি সরঞ্জাম ও সিসিটিভি নেটওয়ার্ক জোরদার করতে হবে। পাথর নিক্ষেপ ও নাশকতা ঠেকাতে আরএনবি, স্থানীয় পুলিশ ও জিআরপির যৌথ পেট্রোলিংও বাড়ানো জরুরি।
সংশ্লিষ্টরা বলছেন, রেল শুধু যোগাযোগের মাধ্যম নয়, দেশের সাধারণ মানুষের অন্যতম প্রধান লাইফলাইন। আধুনিক ট্রেন ও নতুন রেলপথের সুফল তখনই পূর্ণ হবে, যখন যাত্রাপথও হবে নিরাপদ। তাই দেড় শতকের এই বিশেষায়িত বাহিনীকে আধুনিক জনবল, লজিস্টিকস ও মানবিক কর্মপরিবেশে শক্তিশালী করা এখন নিরাপদ ও গণবান্ধব রেলব্যবস্থার অপরিহার্য শর্ত।
