চকলেটের প্রলোভনে শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছরের কন্যা শিশুকে চকলেট ও চিপসের প্রলোভনে যৌন নিপীড়নের অভিযোগে সেকান্দর প্রকাশ ছুট্টো (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়বকুণ্ড ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় মৃত রুহুল আমিনের পুত্র।

সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, একটি শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পেয়ে এক ঘণ্টার মধ্যে আমরা অভিযুক্তকে গ্রেফতার করি। ছদ্মবেশে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করেছে, শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

শিশুর পিতা বলেন, আমার বাচ্চার সাথে ৬০ বছরের বুড়া অনেক দিন ধরে এই কাজ করছে। আমার মা (মেয়ে) জানলেও ভয়ে আমাকে জানায়নি। বিয়ের ২৭ বছর পর আমার সংসারে মেয়েটির জন্ম হয়। মেয়েটি আমার জান। ঘটনাটি জানার পর থেকে আমি গত কয়েকদিন ধরে কিছু খেতে পারছি না। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই আমি।
জানা যায়, সম্পর্কে জেঠা সেকান্দর প্রকাশ ছুট্টো বারবার শিশুটির ওপর যৌন নির্যাতন চালাতো। ঘটনাটি বাবার কানে পৌঁছালে তিনি শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেন। সেখানে যৌন নির্যাতনের প্রমাণ পেয়ে থানায় অভিযোগ দেন শিশুটির পিতা জামাল। অভিযোগ পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights