চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে নোয়াখালীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
নোয়াখালী প্রতিনিধি
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে নোয়াখালী গণ অধিকার পরিষদ। মঙ্গলবার রাত ৯টায় নোয়াখালী গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিলটি গণপূর্ত ভবনের সামনে থেকে শুরু হয়ে সুধারাম থানা প্রদক্ষিণ করে টাউন হলের মোড় গিয়ে শেষ হয়। বিক্ষোভ থেকে অবিলম্বে আলিফের হত্যাকারীদের গ্রেফতার এবং ইসকন নিষিদ্ধের দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার সমন্বয়ক ফরহাদুল ইসলাম, গণঅধিকার পরিষদের নোয়াখালী জেলার সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম সুমন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক বিপ্লব চৌধুরী, যুব অধিকার পরিষদের নোয়াখালী জেলার সভাপতি ওসমান গণি রুবেল, যুব অধিকার পরিষদের সাবেক অর্থ সম্পাদক রাসেল, আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য এডভোকেট মারুফ, শ্রমিক অধিকার পরিষদের নুরনবী টিপুসহ গণঅধিকার পরিষদ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে মঙ্গলবার বিকালে চট্টগ্রাম আদালত এলাকায় আন্দোলনকারীদের হামলায় সরকারী আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। হামলার ঘটনায় আহত আরও ৭-৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
