চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে।
গ্রেফতার মো. মাহাবুর রহমান (২০) কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছে। র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের এক স্টুয়ার্ড ইয়াবার একটি চালান নিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসছে। ওই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অবস্থান নেয়। পরে ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালে ‘জ’ বগি থেকে স্টুয়ার্ড মো. মাহাবুর রহমানকে আটক করা হয়। এরপর তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
