চট্টগ্রামে চারটি অবৈধ আইপি টিভির অফিস সিলগালা
চট্টগ্রামে সিলগালা করে দেওয়া হয়েছে চারটি অবৈধ আইপি টিভির অফিস। রোববার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আইপি টিভিগুলোর অফিসে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বন্ধ করে দেওয়া অবৈধ ও অনিবন্ধিত অনলাইন আইপি টিভিগুলো হচ্ছে সি-প্লাস, সি-ভিশন, ২৪টিভি, এসবি টিভি।
এর ২৪টিভি (24 TV) অনলাইন টিভির অফিস খুলে ভেজাল মালামালের ব্যবসা করছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ এবং হিমাদ্রী খীসা।
অভিযানে নেতৃত্ব দেওয়া দুই সহকারী কমিশনার বলেন, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জায়গায় বেশ কিছুদিন ধরে গড়ে উঠেছে অবৈধ আইপি টিভি, অনলাইন নিউজ পোর্টাল, পোর্টাল ব্লগসহ অনলাইন টিভির রমরমা ব্যবসা। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (২০২০ সালে সংশোধিত) এর নির্দেশনা লঙ্ঘন করে এবং জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ অমান্য করে গড়ে ওঠা এসব ভুঁইফোড় অনলাইন সংবাদ মাধ্যমের অফিসে অভিযান চালানো হয়।
তিনি বলেন, অভিযান চালানো অনলাইন টিভিগুলোর কোনো নিবন্ধন নাই। দীর্ঘদিন ধরে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ লঙ্ঘন করে তথ্য-উপাত্ত ও কনটেন্ট সম্প্রচার করে আসছিলো। অনিবন্ধিত আইপিটিভি এবং ইউটিউব চ্যানেলে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কৌশলে সংবাদ প্রচারের অভিযোগ রয়েছে।
এরই মধ্যে এ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলায় অবৈধ ও অনিবন্ধিত অনলাইন টিভি-চ্যানেলসমূহ বন্ধ করতে মহানগরের পাশাপাশি উপজেলা পর্যায়েও অভিযান চালানো হবে বলে জানান দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা বলেন, অনুমোদনবিহীন 24-TV এর অফিসে অভিযান চালানোর সময় ভেজাল মশলা, ভেজাল ভোজ্য তেল, ভেজাল হেয়ার অয়েল, ভেজাল মধু পাওয়া যায়। বিএসটিআইয়ের পক্ষ থেকে 24-TV এর বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
