চট্টগ্রামে দুর্ঘটনায় অভিযুক্ত চালক ঢাকায় গ্রেপ্তার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে শিশুসহ ১১ যাত্রী ‘হত্যার’ অভিযোগে বাসচালক মো. সোহেল তালুকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিয়ে ঢাকার মিরপুরের আনসার ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল ঢাকার দক্ষিণখাঁন থানার ফরহাদাবাদ এলাকার বাসিন্দা।

র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মিরপুর থেকে মো. রফিকুল ইসলাম নামের এক ব্যাক্তি গত ১ এপ্রিল রাতে আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ ১১ জনকে নিয়ে একটি মাইক্রোবাসযোগে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। পরদিন ২ এপ্রিল সকালে মাইক্রোবাসটি লোহাগাড়ার চুনতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা রিল্যাক্স পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রফিকুল ইসলাম, তার স্ত্রী, দুই শিশু সন্তান এবং আত্মীয়সহ ১০ জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায়। পরবর্তীতে নিহত রফিকুলের শ্যালক মো. রবিউল হাসান সুজন বাদী হয়ে লোহাগাড়া থানায় বাস চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, দুর্ঘটনার পর থেকে বাসচালক সোহেল গ্রেপ্তার এড়াতে ঢাকার বিভিন্নস্থানে পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights