চট্টগ্রামে নানামুখী উদ্যোগে কমছে সবজির দাম
চট্টগ্রামে কমতে শুরু করেছে সবজির দাম। সরকারি ও বেসরকারি নানামুখী উদ্যোগের কারণে দাম কমছে বলে মনে করছেন ক্রেতারা। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে পাঁচ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম কমেছে ১০ রকমের সবজির। পুরোপুরি নাগালের মধ্যে না এলেও দাম কমতে শুরু করায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।
শুক্রবার নগরীর চকবাজার, কাজীর দেউড়ি, বহদ্দারহাট, কর্ণফুলী কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বরবটি ৭০-৮০ টাকা, শিম ২০০ টাকা, মুলা ৭০ টাকা, বেগুন ১০০ টাকা, টমেটো ১৬০ টাকা, পটল ৬০ টাকা, ফুলকপি ১২০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা ও পেঁপে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া, কাঁকরোল ১৪০ টাকা, করলা ১২০ টাকা, গাজর ১৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, বাঁধাকপি ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা,কচু ৬০ টাকা, ঝিঙে ৮০ টাকা, আলু ৬০ টাকা এবং শসা ৫০-৬০ টাকা করে প্রতি কেজি বিক্রি হচ্ছে।
পেঁয়াজ ১১০ টাকা, রসুন ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯৫ টাকা, লেয়ার ৩৪০ টাকা ও দেশি মুরগি ৫২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
গরুর মাংস ৭৮০ থেকে ৯৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের মধ্যে পাঙাস ১৭০, তেলাপিয়া ২০০, নারকেইল্লা ২০০, কাতল ৩২০, রুই ৩৮০, পোয়া ৩০০ এবং পাবদা ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
জানা যায়, গত সোমবার নগরীতে ভ্রাম্যমাণ ট্রাকে ন্যায্যমূল্যে সবজি বিক্রি শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরদিন কৃষি ওএমএস কার্যক্রম শুরু করে কৃষি বিপণন অধিদপ্তর। বৃহস্পতিবার ছয়টি সেলস সেন্টারে সবজিসহ নানা নিত্যপয়োজনীয় পণ্য বিক্রি শুরু করে জেলা প্রশাসন।
আবার বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে দ্রব্যমূল্যের লাগাম টানতে গঠিত টাস্কফোর্সও বাজার তদারকি করছে নিয়মিত। নানামুখী এমন উদ্যোগের চাপ পড়েছে কাঁচাবাজারে। দাম কমেছে সবজির। উপজেলা পর্যায়েও শুরু হয়েছে কৃষক বাজার।
