চট্টগ্রামে যুব ও সৈনিক লীগের দুই নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে যুবলীগ ও সৈনিক লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত এবং মঙ্গলবার পৃথক সময়ে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, বোয়ালখালীতে ঘরের নিচে তৈরি করা একটি সুড়ঙ্গে লুকিয়ে থাকা যুবলীগ নেতা মো. শওকত হোসেন খোকনকে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খোকন উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ছনদন্ডী গ্রামের ফারুকী পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক।

পুলিশ জানিয়েছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে খোকন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে দেয়াল লিখন ও পোস্টারিং এর মাধ্যমে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। এছাড়া তিনি বিভিন্ন গুজবও ছড়াচ্ছিলেন। তাকে ধরতে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েও ব্যর্থ হয়।

বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, তিনি অত্যন্ত চতুর ও কৌশলী। পুলিশকে ফাঁকি দিয়ে চলছিল। অবশেষে তার গতিবিধি নজরদারির মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ফজরের নামাজের পর পুলিশ তার বাড়িতে অবস্থান করেছিল। খোকন বাড়িতে প্রবেশের পর অভিযান শুরু করা হয়। ঘরে তাকে না পাওয়ায় টাইলসের নিচে তৈরি আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

অন্যদিকে, সোমবার বোয়ালখালীতে অভিযান চালিয়ে মুজিব সৈনিকের সভাপতি সৈয়দ মোহাম্মদ সরোয়ারকে (৪৫) গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সরোয়ার উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খন্দকার পাড়ার মৃত জহির আহমদের ছেলে। তিনি উপজেলা মুজিব সৈনিকের সভাপতি।

ওসি মুহাম্মদ লুৎফুর রহমান আরও জানান, সরোয়ারকে ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালে রাজধানীর উত্তরা পূর্ব থানায় মাদক আইনে একটি মামলা এবং চট্টগ্রামের বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights