চট্টগ্রামে র‍্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ও নগরীতে পৃথক অভিযানে নাশকতা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতের বিভিন্ন সময়ে তাদের গ্রেফতার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। গ্রেফতারকৃতরা হলেন- জসিম উদ্দিন হেলালী (৪০), সালাউদ্দিন কাদের চৌধুরী মানিক (৩৯) ও রাজু মিয়া (২৯)।

র‌্যাব’র সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, শুক্রবার রাত পৌনে আটটার দিকে লোহাগাড়ার নতুনপাড়া এলাকা থেকে নাশকতার মামলায় জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। জসিম বাংলাদেশ জামায়াত ইসলামীর সক্রিয় সদস্য। তিনি অবরোধ কর্মসূচি চলাকালীন সময়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, অগ্নিসংযোগসহ নাশকতাকারীদের অর্থের যোগান দেওয়ার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় সাতটি মামলা রয়েছে।

এদিকে শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে নগরীর চান্দঁগাও আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি মোহাম্মদ সালাউদ্দিন কাদের ও রাজু মিয়াকে গ্রেফতার করা হয়। তারা গত ১৮ নভেম্বর চান্দগাঁও এলাকায় পাকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা গাড়িতে অগ্নিসংযোগে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights