চট্টগ্রাম কারাগারে বিদ্রোহ, গোলাগুলি, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহ করেছেন কয়েদিরা। পরে সেনাবাহিনী ও কারারক্ষীদের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো মাসুদ রহমান বলেন, জুমার নামাজের পর কিছু কয়েদি বিদ্রোহ করে। এসময় কারাগারে পাগলা ঘণ্টা বাজানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পক্ষ থেকে ফাঁকা গুলি করা হয়। সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কারাগারের ভেরত সেনাবাহিনী অবস্থান করছে। এসময় কতজন আহত হয়েছে, তা এখনও বলা যাচ্ছে না।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের গেইটে দায়িত্বরত কয়েকজন কারারক্ষী বলেন, দুপুরে নামাজ পড়া শেষে হঠাৎ কারাগারের একাধিক ভবনে কয়েদিরা বিদ্রোহ শুরু করেন। তারা কারাগারে ভেঙে বের হওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করা হয়েছে। বিদ্রোহ দমনে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়। ঘটনাস্থলে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
লালদিঘীর পার এলাকার বাসিন্দারা জানান, জুমার নামাজের পর কেন্দ্রীয় কারাগারে ব্যাপক গুলির শব্দ শোনা যায়। বাইরে থেকেও কিছু মানুষ কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করে। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, এর আগে ৫ আগস্ট বিকেলে কেন্দ্রীয় কারাগারে হামলার চেষ্টা করা হয়। পুলিশ ও কারারক্ষীরা হামলা প্রতিরোধ করেন। বর্তমানে কারাগারে প্রায় ৪ হাজারের বেশি বন্দী রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights