চট্টগ্রাম নিয়ে তরুণদের ১শ’ আইডিয়া
কেউ চান চট্টগ্রামের আবর্জনা রিসাইক্লিং করে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি সৌন্দর্য্য বর্ধনে ভূমিকা রাখতে, কেউ বা লোকাল বাসকে স্মার্ট বাসে পরিণত করে যাত্রী ভোগান্তি কমিয়ে, কমাতে চান যানজট। আবার কেউ কেউ অনলাইনে বাসা বাড়ির খোঁজ দেয়ার পাশাপাশি হোল্ডিং ট্যাক্সসহ সিটি কর্পোরেশনের নানা কার্যক্রমকে ডিজিটালাইজ করার মাধ্যমে স্মার্ট চট্টগ্রাম নির্মাণ করতে চান।
এমনই নতুন ১শ’র অধিক আইডিয়া উপস্থাপন করেছে তরুণরা। চিটাগং লাইভ আয়োজিত চাঁটগাইয়া আইডিয়া কনটেস্টে এসব আইডিয়া জমা দেন তরুণরা। শনিবার জেলা একাডেমিতে প্রাথমিক বাছাই ও আয়োজনের উদ্বোধনী পর্ব থেকে এসব তথ্য পাওয়া যায়।
চিটাগং লাইভের অনুষ্ঠান প্রধান সেঁজুতি বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন চিটাগং লাইভের প্রতিষ্ঠাতা সাবের শাহ্ ও ব্যবস্থাপক সাইফুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন, সিডিএ’র বোর্ড সদস্য নগর পরিকল্পনাবিদ আশিক ইমরান, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরী ও অমিত দত্ত।
প্রতিযোগিতায় উপস্থাপিত ১শ’ আইডিয়া থেকে ২৫টি সেরা আইডিয়াকে নির্বাচিত করা হয় পরবর্তী রাউন্ডের জন্য। প্রাথমিক বাছাইয়ে বিচারক ছিলেন কায়সার আলী চৌধুরী, জিয়া উদ্দিন হায়দার, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিনাত শাহানা ও জয়া শর্মা ভট্টাচার্য। ২৫টি দল নিয়ে প্রতিযোগিতার সেমি ফাইনাল ও পরবর্তীতে সেরা ১০ টি দল নিয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।
