চবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে রিকশা, সিএনজি ও বাসের ভাড়া এবং খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে শাখা ছাত্রলীগের একাংশ।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে মূল ফটকে তালা দেয় বিক্ষোভকারীরা। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ বিক্ষোভ।

জানা যায়, গত ১৫ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সিএনজি, রিকশা, অটোরিকশা ও বাসের ভাড়া এবং খাবারের দাম বৃদ্ধি পেয়েছে। তবে বিভিন্ন সূত্র জানায়, তারা একটি সিন্ডিকেট করে এই দাম বৃদ্ধি করেছে।
ভর্তি পরীক্ষা উপলক্ষে গত ১৫ মে থেকেই ক্যাম্পাসে হাজারও ভর্তিচ্ছুর আনাগোনা শুরু হয়েছে। এই সুযোগে ইচ্ছামত খাবারের দাম ও রিকশা ভাড়া আদায় করছে অসাধু ব্যবসায়ী এবং রিকশাচালকরা। ভর্তি পরীক্ষাকে সামনে রেখে খাবারের দাম ও যানবাহনের ভাড়া নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তা মানতে নারাজ ক্যাম্পাসের হোটেল ব্যবসায়ীরা।

এছাড়া ক্যাম্পাসের রিকশাচালকরা নির্ধারিত ভাড়ার থেকে কয়েকগুন বেশি চাচ্ছেন নবাগতদের থেকে। বেশি ভাড়া না দিলে কোনো চালকই যেতে রাজি হচ্ছেন না। তাই অসহায় হয়ে অতিরিক্ত ভাড়াতেই গন্তব্যে যেতে হচ্ছে ভর্তিচ্ছুদের।

এ বিষয়ে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, জুনিয়র কর্মীরা বিভিন্ন অনিয়মের প্রতিবাদ জানিয়েছে। পরে প্রশাসনের আশ্বাসে তারা তালা খুলে দিয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, ছাত্ররা প্রধান ফটকে তালা দিয়েছিল। আমরা বুঝানোর পর তারা তালা খুলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights