চর্বিযুক্ত খাবারের লোভ বাড়ায় যে প্রোটিন

অনলাইন ডেস্ক

চর্বিযুক্ত খাবারের প্রতি আকাঙ্ক্ষা কেন কারও বেশি হয়, তার একটি সম্ভাব্য কারণ খুঁজে পেয়েছেন জাপানের বিজ্ঞানীরা। ওসাকা মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা অপটিক অ্যাট্রফি-১ বা ওপিএ১ নামের একটি প্রোটিন শনাক্ত করেছেন। ইঁদুরের ওপর গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের ক্ষুধা নিয়ন্ত্রণকারী কোষে এই প্রোটিনের ঘাটতি হলে চর্বিযুক্ত খাবারের প্রতি আকাঙ্ক্ষা বাড়ে এবং দ্রুত ওজন বাড়তে পারে।

গবেষকেরা মস্তিষ্কের হাইপোথ্যালামাসের এমন কিছু কোষে ওপিএ১-এর ভূমিকা পরীক্ষা করেন, যেগুলো ক্ষুধা ও খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ। জিনগতভাবে এসব কোষ থেকে ওপিএ১ সরিয়ে নেওয়া ইঁদুরগুলো স্বাভাবিক ইঁদুরের তুলনায় চর্বিযুক্ত খাবারের প্রতি বেশি ঝুঁকেছে। তাদের ওজনও দ্রুত বেড়েছে এবং একপর্যায়ে তারা স্থূল হয়ে পড়ে। পুরুষের তুলনায় স্ত্রী ইঁদুরের ক্ষেত্রে এ প্রভাব বেশি দেখা গেছে।

গবেষকদের ধারণা, ওপিএ১-এর ঘাটতি হলে ক্ষুধা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের কোষগুলো যথেষ্ট শক্তি পায় না। ফলে খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যেতে পারে।

গবেষণাটি ভবিষ্যতে কেন কিছু মানুষের অতিরিক্ত খাওয়ার প্রবণতা বা চর্বিযুক্ত খাবারের প্রতি বেশি আকর্ষণ থাকে, তা বুঝতে সহায়তা করতে পারে। একই সঙ্গে স্থূলতার চিকিৎসায় নতুন পদ্ধতির সম্ভাবনাও তৈরি হতে পারে।

তবে গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে। গবেষণাটি শুধু ইঁদুরের ওপর করা হয়েছে। মানুষের ক্ষেত্রেও ওপিএ১ একইভাবে কাজ করে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights