চলতি মৌসুমে বগুড়ায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

চলতি মৌসুমে বগুড়ায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১০টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত একটানা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হয়েছে। এসময় ১৬১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে বগুড়া আবহাওয়া অফিস, যা এই সৌসুমে সর্বোচ্চ।

এদিকে টানা বৃষ্টিতে শহরের প্রানকেন্দ্র সাতমাথা, স্টেশন সড়ক, কাজী নজরুল ইসলাম সড়ক, বাদুরতলা, চকসুত্রাপুর, শেরপুর সড়কের মফিজপাগলার মোড়, কলোনী বাজার এলাকা, খান্দারসহ বিভিন্ন স্থানে সড়কে হাঁটু পানি জমে গেছে। বৃষ্টির পানি ড্রেন উপচে সড়কে চলে এসেছে। শহরে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না। এতে করে দুর্ভোগে পড়ছেন শহরে চলাচলকারী মানুষরা। পানি জমে যাওয়ার কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। ছোটখাট দুর্ঘটনাও ঘটছে।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া জানান, বগুড়ায় মাঝারি ধরনের ভারী বৃষ্টি চলমান রয়েছে। শুক্রবার রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৫১ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ৪৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন বৃষ্টি হতে পারে। নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights