চাঁদপুরের সব রুটের নৌযান চলাচল বন্ধ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এর প্রভাবে সকাল থেকেই বৃষ্টি ও বাতাসের গতি বেড়ে যাওয়ায় সকল রুটের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকেই ছোট-বড় সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো: শাহাদাত হোসেন জানান, সকালে ছোট লঞ্চ বন্ধ করা হয়। সাড়ে ১০টায় ঢাকা-চাঁদপুর, ঢাকা-নারায়নগঞ্জসহ চাঁদপুরের সকল রুটে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লঞ্চ ও নৌযান বন্ধ থাকবে।

চাঁদপুর লঞ্চঘাটের নৌ-পথ পরিদর্শক শাহ আলম জানান, ভোর ৬টা থেকে নির্ধারিত সময়ের এমভি আফিয়া, এমভি সোনার তরী-৩, এমভি ঈগল-৭, এমভি বোগদাদিয়া চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সাড়ে ১০টা থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। সকালে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে যাত্রী খুবই কম ছিল।
অপরদিকে সকাল ১০টার পর বৃষ্টিপাত বাড়তে থাকায় শহরে যানবাহন চলাচল কমে যায়। ছুটির দিন হওয়ায় প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছে না।
চাঁদপুর আবহাওয়া কর্মকর্তা মো: শামসুল আলম জানান, গত ২৪ ঘণ্টায় ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সকাল ৯টার পর বৃষ্টি ও বাতাসের গতি বেড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights