চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ৬

চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর-রায়পুর সড়কের নিজগাছতলা এলাকায় আনন্দ পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় শিশুসহ ৬ যাত্রী গুরুতর আহত হয়েছে। নিহতের আনুমানিক বয়স (৩০)। তবে তাৎক্ষণিকভাবে তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তার পরনে প্যান্ট ও শার্ট ছিল।

শুক্রবার বেলা সোয়া ২টার দিকে নিজ গাছতলা কাদির গাজীর মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরকাজিয়া গ্রামের মীর মাঝির ছেলে আবদুল মাজেদ মাঝি (৬০), রায়পুরের অটোরিকশা চালক মো. আলাউদ্দিন (৩৫) ও অজ্ঞাতনামা আরেকজন পুরুষ আছেন যার অবস্থা আশঙ্কাজনক ছিল। এছাড়া অন্য আহতরা হলো- মাজেদ মাঝির স্ত্রী পেয়ারা বেগম (৫০) ও তাদের সঙ্গে থাকা ৪ বছর বয়সী শিশু।
ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, জুমার নামাজ শেষে দুর্ঘটনা ঘটে। আনন্দ পরিবহনের বাসটি চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে রায়পুরের উদ্দেশ্যে এবং সিএনজিচালিত অটোরিকশা রায়পুর থেকে চাঁদপুরে প্রবেশ করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় লোকজন বাসটাকে আটক করে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা বাসের সামনের গ্লাস ভাংচুর করে।

হাসপাতালের মেডিকেল অফিসার মিজানুর রহমান বলেন, কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, শুক্রবার বেলা সোয়া ২টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদী ইউনিয়নের কাদির মার্কেটের সামনে সিএনজিচালিত অটোরিকশার সাথে আনন্দ পরিবহনের একটি বাসের সংঘর্ষে সিএনজির এক যাত্রী মারা যায় এবং ৬ জন যাত্রী আহত হয়। বাস-সিএনজি জব্দ আছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights