চাঁদপুরে ভোক্তার অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক সদর হাসপাতাল ও শহীদ মিনার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ টেস্টের কীট পাওয়ায় নিউ মডার্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং ফেমাস ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এ সময় মেয়াদোত্তীর্ণ কীট ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে এবং অবৈধ মজুদদারী থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং সদর মডেল থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights