চাঁদপুরে ম্যারাথন প্রতিযোগিতা
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ‘সুস্থ দেহ সুস্থ মন, হাঁটবো আমি যতক্ষণ’ স্লোগানে প্রথম ৪০০ নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।
শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব। প্রতিযোগিতায় বয়স ভিত্তিক অংশগ্রহণকারী নারী ও পুরুষের ৪টি দল অংশগ্রহণ করেন।
১৫ থেকে ৪৫ এবং ৪৬ থেকে ৭৫ বছর বয়সী পুরুষের দু’টি দল কলেজ ক্যাম্পাস থেকে শহরের বিভিন্ন সড়কে ৬ কিলোমিটার, আর একই বয়সী নারীদের দু’টি দল শহরে ৩ কিলোমিটার সড়ক হেঁটে কলেজ ক্যাম্পাসে এসে হাঁটা শেষ করেন।
হাঁটা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সদস্যসহ অন্যান্যদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসকরা। এসময় বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিসহ সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী ও সাংবাদিকরা আয়োজনের বিষয়ে লিখিত মন্তব্য করেন। কলেজ ক্যাম্পাসেই আয়োজন করা হয় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ।
এতে সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ একেএম আবদুল মান্নান। সংগঠনের প্রতিষ্ঠাতা আলম পলাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত ও ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪টি দলের তিনজন করে ১২ জন বিজয়ীকে সনদ, মেডেল ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করেন ঢাকার ব্যবসায়ী ও সমাজসেবক এন এম খান মুরাদ।
