চাঁদাবাজির অভিযোগ; লালমনিরহাটে ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাসকে (৩১) তার পদ থেকে অব্যাহতি দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী, শৃঙ্খলা-পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাসকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে, সোমবার (১০ জুন) রাতে লালমনিরহাট সদর থানায় সভাপতি বিলাসসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন একজন গরু ব্যবসায়ী।
অভিযোগে দাবি করা হয়, তার হাত-পা বেঁধে আটকে রেখে আড়াই লাখ টাকা চাঁদা আদায় করেছেন লালমনিরহাট জেলা ছাত্রলীগ সভাপতি রাশেদ জামান বিলাসসহ অভিযুক্তরা।
এর আগেও রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমাইয়ুন কবির হিরুর ওপর হামলা চালিয়ে আলোচনায় আসেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাস। এসব ঘটনায় ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাসকে স্বীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে বলে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা দাবি করেন।

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ুন কবির হিরু বলেন, অব্যাহতিপত্রের বিজ্ঞপ্তিটি সঠিক। সাংগঠনিক ভাবে জেলা কমিটিকে জানানো হয়েছে। তবে নতুন করে কে বা কারা ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করবেন তা জানানো হয়নি। সাতজনসহ সভাপতির মধ্যে পাঁচজনই বিবাহিত। বাকি দুজন রয়েছেন অবিবাহিত।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, চাঁদাবাজির অভিযোগটি তদন্ত চলছে। এখন পর্যন্ত মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights