চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি

অনলাইন ডেস্ক
২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলায় সাক্ষী হিসেবে দিল্লির একটি আদালতে হাজির হন অভিনেত্রী নোরা ফাতেহি। এই মামলার সঙ্গে প্রতারক সুকেশ চন্দ্রশেখরের নাম জড়িয়ে রয়েছে। আদালতে নোরা তার জবানবন্দি রেকর্ড করিয়েছেন।মরক্কো বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক নোরা ফাতেহি আদালতকে জানান, তিনি ভারতের সঙ্গীত শিল্পের অন্যতম বড় প্রতিষ্ঠান ‘টি-সিরিজ’-এর সঙ্গে কাজের ভিসায় ভারতে এসেছিলেন।

তিনি চেন্নাই সফর এবং সেখানে সুকেশ চন্দ্রশেখরের স্ত্রী লীনা পলুসের সঙ্গে তার সাক্ষাতের বিষয়টিও আদালতকে জানান। শুক্রবার (৬ নভেম্বর) রাউস এভিনিউ আদালতে অতিরিক্ত দায়রা জজ গগনদীপ সিংয়ের সামনে হাজির হন এই অভিনেত্রী। এর আগে আদালত তাকে দুবার তলব করেছিল।

চলতি মাসের শুরুর দিকে নোরা ফাতেহির আইনজীবী তার আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতি চেয়েছিলেন, যার জন্য আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় তাকে। আদালত মন্তব্য করে, বিষয়টিকে হালকাভাবে নেওয়া যায় না। সাক্ষী হিসেবে আপনার আদালতে হাজির হওয়া উচিত ছিল। আপনার আচরণ যথাযথ নয়। আদালতকে অবহেলা করবেন না।
সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার একটি চাঁদাবাজি চক্র চালানোর অভিযোগ রয়েছে।

পুলিশের অভিযোগ, এই প্রতারক ও তার দল সরকারি কর্মকর্তা সেজে ফোর্টিস হেলথকেয়ারের প্রমোটার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিংয়ের কাছ থেকে টাকা আদায় করেছিল। তারা অদিতিকে প্রতিশ্রুতি দিয়েছিল, মানি লন্ডারিং মামলায় কারাগারে থাকা তার স্বামীকে জামিন পাইয়ে দেবে। অভিযোগ অনুযায়ী, সুকেশ নিজেকে কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে অদিতিকে টাকা হস্তান্তরে বাধ্য করেছিলেন।

দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং বিষয়টি তদন্ত করে এবং ‘মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট’ -এর অধীনে চার্জশিট দাখিল করে। সুকেশ চন্দ্রশেখর ও তার স্ত্রীর সঙ্গে নোরার যোগসূত্র নিয়ে ইকোনমিক অফেন্সেস উইং তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি রেকর্ড করা হয়। পরবর্তীতে সম্পূরক চার্জশিটে তাকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

পুলিশের অভিযোগ, এই প্রতারক নোরা ফাতেহি ও জ্যাকলিন ফার্নান্দেজসহ বলিউডের অনেক অভিনেত্রীকে বিলাসবহুল উপহার দিয়েছিলেন। ২০২২ সালে ফাতেহিকে একটি বিএমডব্লিউ গাড়ি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, যা তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তিনি জানান, সুকেশ তাকে গাড়িটি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি সেই উপহার গ্রহণ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights